বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন আগামী ৩১ ডিসেম্বর ঠিক করেছে আদালত।
সোমবার সকালে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে মামলার বিচারিক কার্যক্রম শেষে এ কথা জানানো হয়।
অসুস্থতার কারণে আদালতে অনুপস্থিতির জন্য খালেদা জিয়ার পক্ষে আবেদন করেন তার আইনজীবী। আবেদন মঞ্জুর করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষীর জেরা ও নতুন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের আদেশ দেয় আদালত।
এ মামলার সাক্ষী সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিজিএম আবদুল গাফফার, সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. হারুনুর রশিদ ও একই ব্যাংকের অপর কর্মকর্তা হারুনুর রশীদ ফকিরকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।
অবৈধভাবে ৩ কোটি ১৪ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুদক।