সাক্ষী উপস্থিত না থাকায় বৃহস্পতিবার সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আবারো পিছিয়েছে। এ নিয়ে ১২ বার পেছালো এ মামলার সাক্ষ্যগ্রহণ।
সাক্ষ্যগ্রহণ উপলক্ষে এ মামলায় গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গউছসহ ১২ জনকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারক মো. মকবুল আহসানের আদালতে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল। তবে সাক্ষী উপস্থিত না থাকায় আজ তা হয় নি।
নির্ধারিত ১৮ কার্যদিবসের মধ্যে ছয়দিন সাক্ষ্যগ্রহণ হয়। ছয়দিনে ১৩ জন সাক্ষী দিয়েছেন। এ মামলায় ১৭১ জনের জবানবন্দি শুনবে আদালত।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। ঘটনার ১০ বছর পর গত ১৩ সেপ্টেম্বর সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে ৩২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এদের মধ্যে লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক, জি কে গউছ, মুফতি হান্নানসহ ১৪ জন কারাগারে, আটজন জামিনে আছেন। বিএনপির নেতা হারিছ চৌধুরীসহ ১০ জন পলাতক। চলতি বছরের ২১ জুন মামলাটি হবিগঞ্জ আদালত থেকে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।