সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিঙ্গাপুর ফেরত ১৪ বাংলাদেশি জঙ্গিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক স্নিগ্ধা রানী চক্রবর্তী এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. মোস্তফা আনোয়ার রিমান্ড শেষে এ ১৪ জনকে আদালতে হাজির করে প্রতিবেদন দাখিল করেন।
ওই সময় রিমান্ডের আবেদনে পুলিশ জানায়, ১৪ আসামি সিঙ্গাপুরে কাজ করত। সেখানে তাদের নিজেদের মধ্যে পরিচয় হয়। সেখানেও তারা জঙ্গি কার্যক্রম করতেন বলে সিঙ্গাপুর পুলিশ তাদের আটক করে দেশে ফেরত পাঠায়। দেশে এসেও তারা আবার সংগঠিত হয়ে জঙ্গি কার্যক্রম শুরু করে।
উত্তরা পূর্ব থানায় দায়ের করা ওই মামলার এজাহারে, আসামিরা সিঙ্গাপুরের মোস্তফা মার্কেটের কাছে অ্যাঙ্গোলিয়া নামের মসজিদে একত্র হয়ে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সদস্য ও অর্থ সংগ্রহসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করত।
ওই মসজিদে প্রত্যেক রোববার সন্ধ্যায় একত্র হয়ে জিহাদি বক্তব্য, বয়ান ও জিহাদি ভিডিও প্রদর্শন করত তারা। সিঙ্গাপুর পুলিশের কাছে তাদের এ জঙ্গি কার্যক্রমের বিষয়টি প্রকাশ পাওয়ার পর আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয় বলে জানানো হয়।
গত ২২ ডিসেম্বর ১৪ জনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আর ২১ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন: টাঙ্গাইলের আমিনুর (৩১), আবদুল আলীম (৩৩) ও শাহ আলম (২৮), কুমিল্লার গোলাম জিলানী (২৬), নুরুল আমিন (২৬) ও মাহমুদুল হাসান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার জাফর ইকবাল (২৭), ঝিনাইদহের আকরাম হোসেন (২৭), চুয়াডাঙ্গার আবদুল আলী (৪০), পাবনার আশরাফ আলী (২৭), ঢাকার সাইফুল ইসলাম (৩৬), কুড়িগ্রামের আলম মাহবুব (৩৪), চাঁপাইনবাবগঞ্জের ডলার পারভেজ (৩৫) ও মুন্সিগঞ্জের মোহাম্মদ জসিম (৩৩)। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।