বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের দিন ১৭ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। সোমবার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
আজ এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির কথা ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় সকালে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করলে আদালত এ দিন ধার্য করা হয়।
খালেদা জিয়া ছাড়া এ মামলার অপর আসামিরা হলেন: চারদলীয় জোট সরকারের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, সে সময়কার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
এর আগে ৩০ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন নেন। ওই দিন এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ ২৮ ডিসেম্বর ধার্য করা হয়।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদকের করা নাইকো মামলাটি ঢাকার বিশেষ আদালতে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। এ মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা রিট আবেদনটি গত ১৮ জুন উভয়পক্ষের শুনানি শেষে খারিজ করে দেয় হাইকোর্ট। সেইসঙ্গে রায়ের কপি হাতে পাওয়ার দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট।