ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিছুর রহমান মানিকসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে।
সোমবার দুপুর বারোটার দিকে কাকচর গ্রামের মোহাম্মদ রুহুল আমীন বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের ৩ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
পরে আদালতের বিচারক আবেদা সুলতানা মামলাটি গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করেন। মামলার বাদী মোহাম্মদ রুহুল আমীন শহীদ ইউনুস আলীর ছেলে।
মামলার এজাহারে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের নদী পারাপার করে দেয়ার অপরাধে ইউনুস আলীকে আনিছুর রহমান মানিকের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল ধরে নিয়ে যায়। তাকে গুলি করে হত্যা করে স্থানীয় আহমেদাবাদ উচ্চ বিদ্যালয়ের পেছনে অন্যান্যদের সঙ্গে গণকবর দেয়া হয়।
এছাড়া মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুন্ঠন ও বাড়ি পোড়ানোর অভিযোগও ইউনুছ রহমান মানিকের বিরুদ্ধে এজাহারে উল্লেখ করা হয়েছে।