শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বহিষ্কৃত ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশ ওই অভিযোগপত্র দেয়া হয়েছে।
গত ১ ডিসেম্বর জেসমিন জাহান ওরফে নিত্যকে একমাসের অর্থাৎ ২০১৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেয় আদালত। তারপর ৮ ডিসেম্বর জামিন পান শাহাদাত হোসেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত জামিনে থাকবেন তিনি।
গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে খন্দকার মোজাম্মেল হক মামলা করেন।
এরপর ৩ অক্টোবর রাতে রাজধানীর মালিবাগে বাবার বাসা থেকে জেসমিন জাহানকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ অক্টোবর শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গত ৯ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাহফুজা অভিযোগ করে বলে, মেরে তার পা এবং হাতের আঙুল ভেঙে দিয়েছে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান। সে বাসা থেকে যাতে পালাতে না পারে, সে জন্য এক বছর ধরে তাকে বাথরুমে ঘুমাতে বাধ্য করেছে তারা।