শিশু গৃহকর্মী নির্যাতন ঘটনায় বহিষ্কৃত ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে করা মামলা ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে।
মঙ্গলবার সকালে ঢাকার মহানগর হাকিম নুরু মিয়ার আদালতে এ মামলার অভিযোগপত্রসহ নথি উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালে বদলি সংক্রান্ত আদেশের জন্য বিচারক মামলার নথি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।
অভিযোগপত্রে বলা হয়, গৃহকর্মী মাহফুজা আক্তারকে মেরে তার পা এবং হাতের আঙুল ভেঙে দিয়েছেন শাহাদাত ও তার স্ত্রী। সে বাসা থেকে যাতে পালাতে না পারে এজন্য এক বছর ধরে তাকে বাথরুমে ঘুমাতে বাধ্য করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে শাহাদাত নির্যাতনের কথা স্বীকার করেন। নির্যাতনের শিকার মাহফুজা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ এর (২) খ ধারায় শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ১৯ ডিসেম্বর মিরপুর মডেল থানার পরিদর্শক শফিকুর রহমান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত আসামি শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য জামিনে আছেন।
গত ১ ডিসেম্বর জেসমিন ও ৮ ডিসেম্বর শাহাদাত ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান।
গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। এ ঘটনায় গত ৩ অক্টোবর রাতে রাজধানীর মালিবাগে বাবার বাসা থেকে জেসমিন জাহানকে গ্রেপ্তার করে পুলিশ। ৫ অক্টোবর শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।