ব্যাংক কর্মকর্তা রাব্বীর ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করা হয়েছে। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।
বিপ্লব কুমার বলেন, সহকারী কমিশনারকে প্রধান করে যে কমিটি গঠন করা হয়েছিল, এক সদস্যের সেই কমিটি প্রতিবেদন দেয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থার জন্য প্রতিবেদনটি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান উপকমিশনার।
এর আগে দুপুরে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি জমা দেন আইনজীবী সানজিদ সিদ্দিকী।
এ ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে গ্রেপ্তার ও ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।
সানজিদ সিদ্দিকী বলেন, তেজগাঁও পুলিশের উপ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেছিলেন রাব্বী। সেই অভিযোগের এজাহার হিসেবে গণ্য করতে এবং মাসুদ শিকদারকে গ্রেপ্তার করতে নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।
গত ৯ জানুয়ারি রাত ১১টার দিকে রাব্বী রাজধানীর মোহাম্মদপুর থেকে কল্যাণপুরে নিজ বাসায় যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে চাঁদা দাবি করে। এ সময় পুলিশ তার কাছ থেকে চাঁদা না পেয়ে অকথ্য গালাগাল ও নির্যাতন চালায়। এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
গোলাম রাব্বী বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগে সহকারি পরিচালক হিসেবে কাজ করছেন।
অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে আটকে ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টাও করে এ পুলিশ কর্মকর্তা।