বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় মোহাম্মদপুর থানার সাময়িক বরখাস্ত উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর ও এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে বলা হয়, ১১ জানুয়ারি পুলিশের কাছে রাব্বী যে লিখিত অভিযোগ করেছিলেন, সেটিকে মামলার এজাহার হিসেবেগ্রহণ করতে হবে।
এছাড়া গোলাম রাব্বীকে আটক করে হেফাজতে নিয়ে নির্যাতন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুলও জারি করেছেন আদালত।
এর আগে গতকাল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে পুলিশি নির্যাতনের অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
আবেদনে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারকে গ্রেপ্তার, রাব্বীর লিখিত অভিযোগ এজাহার হিসেবে গণ্য করা এবং তাকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়।