শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে 'কটূক্তি' করার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুলি হকের আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মণীন্দ্র কুমার নাথ।
বাদীপক্ষে মামলাটি দায়ের করেছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী নজিবুল্লা হিরু।
মামলার আবেদনে বলা হয়েছে, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ২৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেন, 'মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা নির্বোধের মতো মারা গেছে। একাত্তরের ১৪ ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানের বেতন-ভাতা খেয়েছেন তারা নির্বোধের মতো মারা গেলেন? আর আমাদের মতো নির্বোধরা শহীদ বুদ্ধিজীবী হিসেবে তাদের কবরে ফুল দিই, আবার না গেলে পাপ হয়। তারা যদি বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত নিজের ঘরে থাকলেন কীভাবে?'
গয়েশ্বর আরো বলেন, 'যারা পাকিস্তানের বেতন খেল তারা হয়ে গেল মুক্তিযোদ্ধা, আর যারা না খেয়ে পালিয়ে বেড়াল তারা হয়ে গেল রাজাকার।'