প্রধান বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছেন—এ মন্তব্য করে তার পদত্যাগ দাবি করেছেন আপিল বিভাগের (অব.) বিচারপতি এএইচএম শামছুদ্দিন চৌধুরী তার বক্তব্যের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ ধরনের বক্তব্য দেয়া উচিত নয় তার।
এদিকে, প্রধান বিচারপতিকে নিয়ে নানা মন্তব্য অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
নতুন বিচারপতি নিয়োগ নিয়ে সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন খন্দকার মাহবুব।
খন্দকার মাহবুব সম্প্রতি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী প্রসঙ্গে বলেন, তার কর্মকাণ্ড অনভিপ্রেত। তিনি রাজনৈতিক মিছিলেও যান, টক শোতেও যান, আবার প্রধান বিচারপতি সম্পর্কে নানা ধরনের মন্তব্য করে বিচার বিভাগকে বিতর্কিত করেন। তিনি যে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ছিলেন অবসরে যাওয়ার পর সেটা দেখা গেছে। তাকে আদৌ বিচারপতি করা উচিত হয়নি।
জ্যেষ্ঠতা লঙ্ঘন করে দেশের সর্বোচ্চ আদালতে বিচারক নিয়োগের প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি— একই সঙ্গে তারা উচ্চ আদালতে বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়নে সরকারের কাছে দাবি জানিয়েছে।
খন্দকার মাহবুব হোসেন বলেন, গতকাল রোববার আপিল বিভাগে যে তিন জন বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে, তাদের মধ্যে দুজনকে নিয়োগে কমপক্ষে ৩০ জন বিচারপতির জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে।
এ জন্য তাদের নিয়োগে আইনজীবীসহ মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে— এ জন্য তিনি উচ্চ আদালতে বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।