গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় স্কুলছাত্রী ফারিয়াকে হত্যার দায়ে ২ জনের ফাঁসির আদেশ ও এ ঘটনায় জড়িত আরেকজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ফারিয়া স্থানীয় শাহিন ক্যাডেট স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিল।
মঙ্গলবার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন।
ফাঁসিদণ্ড প্রাপ্তরা হল: ফরিদপুরের ডাঙ্গী গ্রামের আক্কাছ আলীর ছেলে মো. সুমন শেখ ও সিরাজগঞ্জের ধুকুরিয়াবেড়া গ্রামের মৃত গোলাম মুর্তজার ছেলে আবদুল আলীম।
আর নিহত ওই স্কুলছাত্রীর হত্যা ও মরদেহের তথ্য গোপন করার দায়ে আবদুল আলীমের স্ত্রী শেফালী বেগমকে কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ জুলাইয়ে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার মো. আক্তারুজ্জামানের স্কুল পড়ুয়া মেয়ে ফারিয়াকে তাদের বাড়ির কেয়ারটেকার মো. সুমন ও দারোয়ান আবদুল আলীম গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে।
একপর্যায়ে তারা মরদেহ গুম করে, অনেক খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করে তাদের দুই জনকে জিজ্ঞাসা করা হলে হত্যার বিষয়টি স্বীকার করে তারা।
ওই ঘটনার পরদিন ফারিয়ার বাবা আক্তারুজ্জামান বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেন— এ ব্যাপারে পুলিশ আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ জমা দেয়।
রায় ঘোষণার সময় বাদীসহ দুই আসামি আদালতে উপস্থিত ছিল।
পরে পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন বলেন, দুই জনের ফাঁসি ও প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়েছে একই সঙ্গে তথ্য গোপন করার দায়ে একজনকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।