নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।
এদিকে, রাষ্ট্রপক্ষ জানিয়েছে, হাইকোর্টের এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে।
জামিনের পর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, রাজধানীর পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় মির্জা আব্বাসকে হাইকোর্ট জামিন দিয়েছে তবে এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল আবেদন করা হবে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
মির্জা আব্বাস গত ৬ জানুয়ারি থেকে কয়েকটি মামলায় কারাগারে আছেন।
উল্লেখ, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর পল্টন মোড়ে একটি বাসে এবং গতবছরের ৪ নভেম্বর মতিঝিল থানার এজিবি কলোনি এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনার পর মির্জা আব্বাসের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় দুটি মামলা করা হয়। এরমধ্যে এ দুটি মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।