বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তারেক রহমানসহ কয়েকজনের ঘুষ নেয়ার মামলা বাতিল হবে কি না- এ বিষয়ে আগামী ১৬ মার্চ রায় দেবে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ঠিক করেছে।
জরুরি অবস্থার সময় দুদকের দায়ের করা ওই মামলা বাতিল চেয়ে তারেকসহ চার আসামির আবেদনের ওপর শুনানি আজ শেষ হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ছাড়া বাকি তিন আবেদনকারী হলো: সাবেক চারদলীয় জোট সরকরের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল।
আদালতে তারেকের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সঙ্গে ছিলেন ব্যারিস্টার সানজীদ সিদ্দিকী। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।
পরে মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, তারেক রহমানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে রুলের ওপর আজ- মঙ্গলবার শুনানি শেষ হয়েছে ১৬ মার্চ রায়ের দিন ঠিক করেছে।
উল্লেখ, মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির খুন হলে একটি হত্যা মামলা হয়। ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর দুদকের উপ-পরিচালক আবুল কাসেম রমনা থানায় মামলা করেন যাতে তারেক রহমানসহ ছয় জনকে আসামি করা হয়েছে। ২০০৮ সালের ২৩ এপ্রিল ওই আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ওই সময় জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে ২০০৮ সালের ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এরপর মামলা দায়ের ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন তারেক রহমানসহ চারজন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ওই বছরই রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। ওই রুলের ওপর শুনানি শুরু হয় চলতি বছর।