দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদকে জেরার জন্য আগামী ৩ মার্চ দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশি বাজারস্থ আলিয়া মাদ্রাসা সংলগ্ন অস্থায়ী আদালতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করেছেন তার আইনজীবী আমিনুল ইসলাম।
মুন্নার পক্ষে জেরা শেষে মামলার অপর আসামি মনিরুল ইসলাম খানের পক্ষে জেরার জন্য সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৩ মার্চ পরবর্তী জেরার জন্য দিন ধার্য করেন।
গত ৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়। তার পক্ষে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল আব্দুর রেজ্জাক খান জেরা করেন।
বৃহস্পতিবার সকালে আদালতের কার্যক্রম শুরু হলে শারীরিক অসুস্থতার কারণে জিয়া আদালতে হাজির হতে না পারায় তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে তদন্ত কর্মকর্তাকে জেরা করার আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ মার্চ ওই আদালতের তৎকালীন বিচারক বাসুদেব রায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং অরফানেজ ট্রাস্টের দুই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে দুদক। এ মামলায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
মামলায় বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ এর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।