হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় আটক দুই আসামিকে ১০ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মুক্তাদির আলম বৃহস্পতিবার দুপুরে আসামি দ্বয়কে রিমান্ডে নেওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম আসামিদের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলো: বাহুবলের সুন্দ্রাটেকি গ্রামের আব্দুল আলী ও জুয়েল। এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই দুই আসামিকে আটক করা হয়।
হবিগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে গ্রামের আবদুল আলী ও জুয়েল মিয়া নামের দুই যুবককে আটক করে বাহুবল থানার পুলিশ।
তিনি আরো বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটকের কথা জানালেও কেবল ২ জনকে আদালতে হাজির করা হয়েছে। বাকি ৩ জনকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, এ হত্যার কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছেন না পাওয়া গেলেও পরিবার ও স্থানীয় লোকজন যে কারণটাকে সন্দেহের মধ্যে রাখছেন, তা গ্রাম পঞ্চায়েতের বিরোধ। তবে বড়দের বিরোধের কারণে শিশুদের প্রতি এ বর্বরতাও যেন মেলাতে পারছেন না তারা।
এরইমধ্যে সিলেট অঞ্চলের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হত্যাকারীদের তথ্যদাতার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
গতকাল বুধবার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গ্রামের এক ছড়া (ছোট নদী) থেকে বালুচাপা অবস্থায় নিখোঁজ ৪ শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসি।
নিখোঁজ ৪ শিশু: মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)।