সর্বস্তরে বাংলাভাষা ব্যবহারে উচ্চ আদালতের নির্দেশনা এসেছে একাধিকবার—তবে সেই উচ্চ আদালতেই বাংলাভাষা ব্যবহারের উদ্যোগ এখনো গতি পায়নি এজন্য বিচারক স্বল্পতাকে দায়ী করছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
রোববার ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, বিপুল সংখ্যক মামলার বিপরীতে বিচারক স্বল্পতায় উচ্চ আদালতে সব রায় বাংলায় দেয়া কষ্টকর।
মায়ের ভাষা মর্যাদা রক্ষায় রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক জব্বার— তাদের আত্মত্যাগে বাংলা আজ প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রভাষা হিসেবে। স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার। তাদের রক্তের ওপর নির্মিত হয়েছে শহীদ মিনার।
কিন্তু বাংলাভাষার মর্যাদা, শহীদদের আত্মত্যাগের স্বীকৃতি কি শুধু এই ইট-পাথরের শহীদ মিনারেই সীমাবদ্ধ? এখনো সর্বস্তরে বাংলাভাষার ব্যবহার হচ্ছে না,নেই কোনো উদ্যোগও।
সরকার ও প্রশাসনের দাপ্তরিক কাজের পাশাপাশি গাড়ির নম্বরপ্লেট, সাইনবোর্ড, নামফলক, বেতার ও টেলিভিশনের সব বিজ্ঞাপন বাংলায় লেখার বিষয়ে বিভিন্ন সময়ে হাইকোর্ট থেকে আদেশ এসেছে একাধিকবার। গণমাধ্যমে ভাষার বিকৃতি বন্ধেও রুল জারি করা হয়েছে। কিন্তু উচ্চ আদালতেই চালু হয়নি বাংলাভাষার প্রচলন। দু/একজন বিচারক বাংলায় রায় লিখলেও সবাই ইংরেজিতেই রায় লিখে থাকেন।