হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় আরও একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। বুধবার এ মামলার আসামি রিমান্ডে থাকা আরজু মিয়া জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।
এদিকে ঘটনার ১১দিনেও গ্রেপ্তার হয়নি মামলার অন্যতম আসামি অটোরিকশা চালক বাচ্চু মিয়া। এ ঘটনায় নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে আনা কর্তব্যে অবহেলার অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ সংরক্ষিত আসনের এমপি কেয়া চৌধুরী।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় অপহরণের পর শ্বাসরোধ করে ৪ শিশু হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, হত্যাকাণ্ডে সিএনজি অটোরিকসা চালক বাচ্চু মিয়ার জড়িত থাকার কথা।
আন্তরিকতার সঙ্গে পুলিশ মামলার তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
গত ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় একই পরিবারের তিনজনসহ চার শিশু। নিখোঁজের পাঁচ দিন পর ১৭ ফেব্রুয়ারি গ্রামের একটি মাঠের বালুর নিচ থেকে ওই চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ৬ জনের মধ্যে আব্দুল আলী, জুয়েল, আরজু ও বশির রিমান্ডে রয়েছে। এর মধ্যে জুয়েল ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।