জেনারেল মঞ্জুর হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন আগামী ২৪ এপ্রিল জমা দিতে হবে।
বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম এ আদেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্ত প্রতিবেদন না দেয়ায় এ আদেশ দেন তিনি এর আগেও প্রতিবেদন দিতে কয়েক দফা সময় নিয়েছে সিআইডি।
মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান বলেন, এই মামলায় আজ অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ঠিক করা ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি তা জমা দেয়নি।
উল্লেখ, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তখন চট্টগ্রামে অবস্থিত সেনাবাহিনীর ২৪ তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার স্টাফ (জিওসি) ছিলেন আবুল মঞ্জুর। জিয়াউর রহমান নিহত হওয়ার পর আত্মগোপনে যাওয়ার পথে মঞ্জুরকে আটক করে পুলিশ।
এরপর ওই বছরের ২ জুন মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশের হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
ময়নাতদন্তের প্রতিবেদন ও মৃত্যুসনদ পাওয়ার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এ মামলাটি করেন। ১৯৯৫ সালের ২৭ জুন এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।