নাশকতার ৩ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের জামিনের মেয়াদ ১৫ দিন বাড়িয়েছে আপিল বিভাগ। সোমবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ জামিন দেয়।
এর ফলে পল্টন থানার নাশকতার ৩ মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণের আগে আরও ১৫ দিন সময় পেলেন মির্জা ফখরুল। নিয়ম অনুযায়ী এই মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে তাকে নতুন করে জামিন চাইতে হবে।
বিচার বিভাগ নিয়ে সিলেটে ফখরুলের সাম্প্রতিক মন্তব্য এবং তা নিয়ে গণমাধ্যমে যে খবর এসেছে- এ বিষয়ে তার ব্যাখ্যাও সোমবার আদালতে হলফনামা আকারে জমা দেন জয়নুল আবেদীন। মির্জা ফখরুলকে এ বিষয়ে সতর্ক হতে বলেন প্রধান বিচারপতি।
পল্টন থানার এই তিনটিসহ নাশকতার ৭ মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ছয় মাস কারাগারে থাকার পর হাইকোর্ট মির্জা ফখরুলকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে সর্বোচ্চ আদালত গত বছর ২১ জুন পল্টন থানার ওই তিন মামলায় হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন বহাল রাখে।
জামিনের মেয়াদ শেষে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এরপর মুক্তি পেয়ে বিদেশে চিকিৎসা করিয়ে দেশে ফেরেন ফখরুল।
এর মধ্যে আত্মসমর্পণ করতে ফখরুলকে আপিল বিভাগের বেঁধে দেয়া সময় ২ নভেম্বর শেষ হয়। ফখরুল মেয়াদ বাড়ানোর আবেদন করলেও তা নাকচ করে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল শুনানি করতে নির্দেশ দেয় আপিল বিভাগ।
গত ২৪ নভেম্বর বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে ওই তিন মামলায় ফখরুলকে তিন মাসের জামিন দেয়, যার মেয়াদ শেষ হয় ২৪ ফেব্রুয়ারি।
এরই মধ্যে তিন মাসের সংক্ষিপ্ত জামিন আদেশ চ্যালেঞ্জ করে মির্জা ফখরুল ৭ জানুয়ারি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় সোমবার বিষয়টি আপিল বেঞ্চে আসে।