রংপুরে আদালতে মানহানির মামলায় হাজিরা দিতে জামিন পেয়েছেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। আগামী ২৬ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
মঙ্গলবার রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলমের আদালতে শুনানি শেষে এ জামিন মঞ্জুর করা হয়। মামলাটি মুখ্য বিচারিক হাকিম আদালতে স্থানান্তর করা হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল ।
৪ ফেব্রুয়ারি রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এক-এগারোর সময় সংবাদ প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের বিচ্যুতির প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আনাম তার পত্রিকায়ও এমন ত্রুটি-বিচ্যুতি হয়েছিল বলে স্বীকার করেন।
৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে তার বিচার চান। ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কয়েকজন সাংসদ ডেইলি স্টার বন্ধ করা এবং মাহফুজ আনামের পদত্যাগ ও বিচার দাবি করেন। এর পরদিন থেকে মাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে।
বেশির ভাগ মামলার অভিযোগও প্রায় একই রকম। অভিযোগে বলা হয়, এক-এগারোর সময় একটি গোয়েন্দা সংস্থার নির্দেশনা বাস্তবায়নে গণতন্ত্রবিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে মাহ্ফুজ আনাম তার সম্পাদিত পত্রিকায় মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ করেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল। এ কারণে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়। এতে তার দল ও মামলার বাদীদের মানহানি হয়েছে।