নকশাবহির্ভূতভাবে রানা প্লাজা নির্মাণের মামলায় দুদকের দেয়া অভিযোগপত্রে ত্রুটি থাকায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে এ আদেশ দেন।
আগামী ৮ মের মধ্য সব দিক বিবেচনায় নিয়ে নতুন করে তদন্তের পর দুদককে আবারো তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুালি শাহীন আহমেদ খান বলেন, রানা প্লাজার ভবন নির্মাণ ও নকশা অনুমোদনের ক্ষেত্রে যারা জড়িত ওই সময়ের কোনো ব্যক্তিকে এ মামলায় সম্পৃক্ত করা হয়নি, তাদের বিষয়টি তদন্তেও আসেনি; আদালত তা ধরিয়ে দিয়েছে।
মামলটি জনগুরুত্বসম্পন্ন ও স্পর্শকাতর হওয়ায় আবারো তদন্ত করা প্রয়োজন বলে জানান তিনি।
উল্লেখ, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন আট তলা রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়। আহত হন আরো হাজারখানেক শ্রমিক যারা ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন।