নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় করা মামলা বাতিল ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে র্যা বের সাবেক কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদের করা আবেদনের শুনানিতে বিব্রতবোধ করেছেন আদালত।
সোমবার হাইকোর্টের বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিব্রতবোধ করেন।
এ বেঞ্চের একজন বিচারপতি তারেক সাঈদের করা আবেদন শুনানিতে বিব্রতবোধ করেন।
এখন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আবেদন শুনানির জন্য নতুন একটি বেঞ্চ গঠন করে দেবেন। তারপরে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
আদালতে সোমবার আবেদনর পক্ষে শুনানি করেন তারেক সাঈদের আইনজীবী গোলাম কিবরিয়া।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি মামলা বাতিল ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেন তারেক সাঈদের আইনজীবী গোলাম কিবরিয়া। কয়েকদিন শুনানির পর তারেক সাঈদের আবেদনের ওপর আদেশের জন্য আজকের দিন ঠিক করেন।
গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন নারায়গঞ্জের আদালত।
সাত খুনের মামলায় নূর হোসেন ও র্যা বের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এমএম রানা অন্যতম আসামি।
২০১৪ সালের ২৭ এপ্রিল দুপুরে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং ১ মে অপরজনের লাশ পাওয়া যায়।
নিহত অপর ৫ জন হলেন : নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম।