বাইরের কারো মন্তব্য মানবতাবিরোধী অপরাধী জামাত নেতা মীর কাসেম আলী আপিলের রায়ে কোনো প্রভাব ফেলবে না জানিয়েছেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। সোমবার কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা কারও উচিথ নয়।
কয়েকদিন ধরে বর্তমান সরকারের মন্ত্রী এবং নেতারা মীর কাসেম রায় নিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন।
রোববার: ওবায়দুল কাদের
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাসেমের ৮ মার্চে সর্বোচ্চ সাজা দেয়া হবে কিনা সে বিষয়ে সন্দেহ আছেএ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে বঙ্গবন্ধু্ অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৭ মার্চের জনসভার প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহবান জানান ওবায়দুল কাদের।
জনসভায় দলের অন্যান্য নেতারা বলেন, এক এগারোর জন্য একমাত্র দায়ী বিএনপি ও খালেদা জিয়া। এ রায় নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দাঁড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীদের রায়ের দিন মাঠে থাকার আহবান জানান তারা।
শনিবার: কামরুল ইসলাম
ন্যায় বিচারের স্বার্থে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর বিচার কার্যক্রমে প্রধান বিচারপতিকে (সুরেন্দ্র কুমার সিনহা) বাদ দিয়ে আপিল বেঞ্চ পুনগর্ঠনের দাবি জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার রাজধানীর ধানমন্ডিতে বিলিয়া মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের বিপক্ষে কথা বলে প্রধান বিচারপতি রাষ্ট্রের বিপক্ষে কথা বলেছেন— উল্লেখ করে কামরুল বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে প্রধান বিচারপতির দেয়া বক্তব্যে অনুমান করা যাচ্ছে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল নাও থাকতে পারে।
তিনি আরো বলেন, এ মানবতাবিরোধীর আপিলের রায় আরেক যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো হলে তা কোনো অবস্থাতেই মানা হবে না।
মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে প্রসিকিউশনের কোনো গাফিলতি ছিল না জানিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেন, প্রসিকিউশনের সমস্যা থাকলে বিচারিক আদালতই এ নিয়ে প্রশ্ন তুলতো।
এ সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত আলবদর কমান্ডার মীর কাসেম আলীর আপিলের রায় আরেক যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মতো হলে তা কোনো অবস্থায়ই মানা হবে না বলেও সতর্ক করে দেন বিশিষ্টজনেরা।
আর প্রধান বিচারপতি হিসেবে এ ধরনের মন্তব্য করে এ পদে থাকা যায় কি-না বিষয়টি বিবেচনার জন্যও প্রধান বিচারপতির প্রতি আহ্বানও জানান বক্তারা।