প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আগামী ১৫ মার্চ তলব করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়।
তাদের বক্তব্য আদালত অবমাননা করার শামিল—উল্লেখ করে এ দুই মন্ত্রীকে ওই দিন সশরীরে হাজির হয়ে তাদের বক্তব্যের ব্যখ্যা দিতে বলা হয়েছে।
আদেশে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদে বিচার বিভাগ নিয়ে অশোভন ও অবমাননাকর মন্তব্য দেখে আদালত স্তম্ভিত। এসব মন্তব্য বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল বলে আদালত মনে করেন।
গত শনিবার এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল প্রধান বিচারপতিকে বাদ দিয়ে মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর আপিলের পুনঃশুনানি দাবি করেন।
এদিকে, এই মামলার শুনানির সময় প্রধান বিচারপতির কিছু মন্তব্যের কারণে তার পদত্যাগ দাবি করেন আ ক ম মোজাম্মেল হক।
দুই মন্ত্রী বিচারাধীন বিষয়ে মন্তব্য ও প্রধান বিচারপতিকে বাদ দিয়ে মীর কাসেম আলীর মামলা নতুন করে শুনানির দাবি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছেন। গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে তার মত প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বিচারাধীন মামলার বিষয়ে কথা বলা তাদের কাজ নয়। মীর কাসেমের মামলার রায়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে চলমান বিতর্কের ব্যাপারে দুই মন্ত্রী যা বলেছেন, তা সরকারের বক্তব্য নয়।