পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করা না হলে যেকোনো দিন রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার জামাত নেতা মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড বহাল রাখার পর প্রতিক্রিয়া জানাতে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘তারা যদি রিভিউ আবেদন দাখিল না করে, তাহলে রায় কার্যকরের ব্যবস্থা গ্রহণ করা হবে। আর রিভিউ আবেদন করলে শুনানি শেষে যে রায় হবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরো বলেন, ‘সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে, বাংলাদেশের সুপ্রিমকোর্ট একটা প্রতিষ্ঠান, ইট ইজ এন ইনস্টিটিউশন। সুপ্রিমকোর্টের বিচারপতিগণ সেই ইনস্টিটিউশনের অংশ। যখন আদালতে কোনো ব্যাপার তাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা সেটাকেই বলি সাব-জুডিস। এইসব সাব-জুডিস ম্যাটারে কারও কোনো বক্তব্য দেয়াটা ঠিক না।’
রায় নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো চাপ ছিল না— দাবি করে আনিসুল হক বলেন, ‘আমরা একটা গণতান্ত্রিক সরকার। আমরা কখনোই বিচার বিভাগের কাজে কোনো হস্তক্ষেপ বা প্রেসার দেই না।’
আনিসুল হক আরো বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারকার্য সম্পন্ন হয়, আর আমরা বার বার সন্তুষ্ট হই। সেই একই ধারাবাহিকতায় আজকের রায়ে সরকার এবং আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ সন্তুষ্ট।’