চট্টগ্রামে কিশোর হিমেল দাশ সুপেন হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে কিশোর হিমেলের দূর সম্পর্কের চাচা সুনীল দাশসহ ৪ জন কারাগারে ও বাকি দুজন পলাতক। তারা হল: মাহমুদুল ইসলাম, সুনীল দাশ, মিজুনার রহমান চৌধুরী, মো. হোসেন প্রকাশ সাগর, নজরুল ইসলাম প্রকাশ লাল মিয়া এবং মো. সেলিম।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এ নাসের বলেন, হিমেল হত্যা মামলায় ৬ আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে মৃত্যুদণ্ড দিয়েছে। রায় ঘোষণার পর হাজির ৪ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালের ৮ মে এসএসসি পরীক্ষার ফল ঘোষণার চারদিন আগে নিখোঁজ হয় চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিমেল দাশ সুপন। ১৩ মে হিমেলের মা পাপিয়া সেন ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে এটি মামলায় রূপান্তর হয়ে যায়। ১৪ মে বান্দরবানের দুর্গম নাগাঝিরি পাহাড় থেকে ডবলমুরিং থানা পুলিশ হিমেলের মৃতদেহ উদ্ধার করা হয়।
২০১১ সালের ৩০ সেপ্টেম্বর ছয়জনকে আসামি করে এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১২ সালের ২৭ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ গঠন করা হয়।