সুপ্রিমকোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দিয়ে করা ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের বিষয়ে ৫ মে রায়ের দিন ধার্য করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার রিটের শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
এ বিষয় নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সংবিধানকে কলঙ্কমুক্ত করতেই এই ষোড়শ সংশোধনী করা হয়েছে।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। বিলটি পাশের পর ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
সংবিধানের এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে ওই বছর ৫ নভেম্বর একটি রিট আবেদন করা হয়। রিট আবেদনের শুনানি শেষে এই সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করে আদালত।
১৯৭২ সালে প্রণীত সংবিধানে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা ছিল সংসদের হাতে। দুই বছর পর চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত এবং পঞ্চম সংশোধনীতে এ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওপর দেয়া হয়।