বাড়ির মালিকদের দিয়ে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করেন।
গত ৩ মার্চ আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টে এ রিট দায়ের করেন। এর আগে তিনি ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়ে পুলিশের কার্যক্রমের আইনগত ভিত্তি জানতে চেয়ে আইন সচিবসহ ৪ জনকে উকিল নোটিস পাঠিয়েছিলেন। নোটিশের জবাব না পেয়ে তিনি রিট দায়ের করেন।
রোববার আদালত রিটটি খারিজ করে দেয়ার পর জোতির্ময় বড়ুয়া বলেন, ঢাকা মহানগর এলাকায় বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে পুলিশের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে তার করা রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।
এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবেন কি-না জানতে চাইলে তিনি আরো, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর বাড়িওয়ালা ও ভাড়াটেদের তথ্য সংগ্রহের এ কাজ শুরু করে মহানগর পুলিশ। এক পৃষ্ঠার যে ফরম ভাড়াটেদের পূরণ করতে দেয়া হচ্ছে, সেখানে ছবির পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট নম্বর, ফোন নম্বর, জন্মতারিখসহ বাসার বাসিন্দা এবং গৃহকর্মী ও গাড়িচালকের তথ্য চাওয়া হয়েছে।