মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার ৬ রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বুধবার সকালে তদন্ত প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে জমা দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক।
এই ছয় যুদ্ধাপরাধীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ ৭টি অভিযোগ আনা হয়েছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নেত্রকোনায় পাক হানাদার বাহিনীর সহায়তায় শান্তি কমিটি এবং সশস্ত্র রাজাকার বাহিনীতে যোগ দেয় শেখ মো. আজিজ, খালেক তালুকদার, কবির খান, আব্দুর রহমান, ছালাম বেগ ও নূর উদ্দিন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নি সংযোগের মতো মানবতাবিরোধী অপরাধ করেন তারা।
এই ছয় রাজাকারের বিরুদ্ধে একাত্তরে আব্দুল খালেক তালুকদারকে অপহরণের পর হত্যা, জমিলা খাতুনকে ধর্ষণের অভিযোগসহ মানবতাবিরোধী ৭টি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এই ছয় যুদ্ধাপরাধীর মধ্যে মো. আব্দুর রহমান কারাগারে থাকলেও বাকি ৫ জন পলাতক।