আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
এছাড়া, তাদের দুইজনকে আগামী সাত দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে, তা না হলে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
রোববার সকালে প্রধান বিচারপতির এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেয়।
এদিকে, এ রায়কে সবার জন্য সতর্কতা হিসেবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সংবাদ সম্মেলনে বলেন, ভবিষ্যতে আদালত নিয়ে কেউ যেন বিতর্কিত মন্তব্য না করে সেইজন্য এই সতর্কতা।
শাস্তিপ্রাপ্তরা পদে বহাল থাকবে কি না, সেই বিষয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল।
মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলার আপিলের রায় হওয়ার আগে, গত ৫ মার্চ এক আলোচনা সভায় রায় নিয়ে সংশয় প্রকাশ করে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে বেঞ্চ পুনর্গঠনের দাবি তোলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ হ ম মোজাম্মেল হক দাবি তোলেন প্রধান বিচারপতির রায় নিয়ে বক্তব্য প্রত্যাহারের।
দুই মন্ত্রীর বক্তব্যকে আদালত অবমাননা হিসেবে নিয়ে, তা ব্যাখ্যা করার জন্য তলব করে আদালত। পরে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন তারা।
পরে আজ শুনানি শেষে দুই মন্ত্রীকে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ডের রায় দেয় আদালত। আগামী সাত দিনের মধ্যে অর্থদণ্ডের ৫০ হাজার টাকা পরিশোধ না করলে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লখ করা হয়েছে।