দুর্ঘটনা এড়াতে সাধারণ জনগণ ও নির্মাণ শ্রমিকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে রাজধানীর মগবাজার-মৌচাক এলাকায় ফ্লাইওভার নির্মাণকাজ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে আদালত।
রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
এলজিইডির প্রধান প্রকৌশলী, ডেপুটি কমিশনার ঢাকা ও ফ্লাইওভার নির্মাণকারী তমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে এ আদেশ দেয়া হয়েছে।
রুলে গত ১৬ মার্চ ফ্লাইওভার থেকে লোহার টুকরো পড়ে নিহত শ্রমিক ইমনের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া হবে না— তা জানতে চেয়ে আগামী চার সপ্তাহের মধ্যে রিটের সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১৬ মার্চ নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে লোহার টুকরো মাথায় পড়ে নিহত হন শ্রমিক ইমন। পরদিন বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদনে প্রকাশিত হয়। প্রতিবেদনে ইমনের মৃত্যুর কথা উল্লেখ করে বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেয়ায় বিভিন্ন সময়ে ফ্লাইওভারের ওপর থেকে লোহার টুকরো, ভাঙা পাথর পরে মানুষ হতাহতের ঘটনা ঘটছে। তবে নির্মাণাধীন প্রতিষ্ঠান এ ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে না।
ওই প্রতিবেদনের ভিত্তিতে জনগণ ও শ্রমিকের নিরাপত্তা এবং নিহত শ্রমিকের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে সম্প্রতি হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টর আইনজীবী অমিত দাশগুপ্ত। আদালতে রিটের পক্ষে কাজ তিনি নিজেই শুনানি করেন। শুনানি শেষে আদালত অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করেন।