পল্টন থানার নাশকতার ৩ মামলায় বিএনপির নবঘোষিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৩ ঘণ্টা কারাগারে রাখার পর জামিন দিয়েছে আদালত।
বুধবার বিকেলে অসুস্থতার কারণে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালত জামিন পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেন।
এর আগে, দুপুর পৌনে ১টার দিকে দুটিতে জামিন নামঞ্জুর করে ফখরুলকে কারাগারে পাঠানো হয়।
এদিকে, সদ্য মনোনিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর প্রতিবাদে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ করে দলটির নেতাকর্মীরা। ফখরুলকে কারাগারে পাঠানোর সংবাদ নয়াপল্টনে পৌঁছার পর হঠাৎ এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বিক্ষোভে নয়াপল্টনে অবস্থানরত দলটির নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন। এতে নেতৃত্ব দেন দলটির নব মনোনিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তবে হঠাৎ ডাকা এ কর্মসূচিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষোভ কর্মসূচির সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।
এর আগে সর্বোচ্চ আদালতের নির্দেশে বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালতে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদীন মেজবাহর মাধ্যমে এ আবেদন করেন।
এ মামলাগুলোতে মির্জা ফখরুল জামিনে ছিলেন। হাইকোর্টের আদেশে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
২০১৫ সালের জানুয়ারি মাসে নাশকতার অভিযোগে এ মামলাগুলো করা হয়।