মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আল বদর প্রধান মতিউর রহমান নিজামীর আপিলের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য করা আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছে।
রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগ শুনানির দিন এক সপ্তাহ পিছিয়ে দেন।
আসামির পক্ষে আদালতের কাছে সময় প্রার্থনা করেন নিজামীর আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নিজামী আপিল করলে গত ৬ জানুয়ারি ওই রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মুক্তিযুদ্ধের সশয় বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও উস্কানিসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের দায়ে উচ্চ আদালতের রায়ে নিজামীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়।
আপিল বিভাগ নিজামীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর গত মঙ্গলবার নিজামীর পক্ষে তার ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন করেন। ৭০ পৃষ্ঠার আবেদনে ৪৬টি যুক্তি তুলে ধরে দণ্ড বাতিল ও অভিযোগ থেকে খালাস চাওয়া হয়েছে।
নিয়মানুযায়ী, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করা যায়। গত ১৫ মার্চ নিজামীর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। আসামিপক্ষ রিভিউ আবেদন করায় মৃত্যু পরোয়ানার (ডেথ ওয়ারেন্ট) কার্যকারিতা স্থগিত হয়ে গেছে বলে জানায় রাষ্ট্রপক্ষ।
রিভিউ খারিজ হলে শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনটি বাকি থাকবে। সেটিও নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকর করবে।