ড্যান্ডি ডায়িং ও এর পরিচালকদের বিরুদ্ধে করা ঋণখেলাপি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪জন বিবাদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আগামী ১৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে।
রোববার রাজধানীর প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এ সাক্ষ্যগ্রহণ করেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন, সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী সোনালি ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম। |
মামলার নথি থেকে জানা যায়, সোনালী ব্যাংক থেকে ড্যান্ডি ডাইং কোম্পানির নামে ১৫ কোটি ৬৪ লাখ টাকা ঋণ নেয়া হয়। তবে তা পরিশোধ না করায় ২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংক ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকার ঋণখেলাপির অভিযোগে ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলা করে। ২০১৩ সালের ২ অক্টোবর মামলাটি করেন সোনালী ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম।
মামলায় ড্যান্ডি ডাইংয়ের পরিচালক হিসেবে তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ ১০ জনকে বিবাদী করা হয়। গত বছরের ২৪ জানুয়ারি আরাফাত রহমান মারা যান। তার সম্পদের অংশীদার হিসেবে খালেদা জিয়া, আরাফাতের স্ত্রী শর্মিলা রহমান এবং মেয়ে জাফিয়া ও জাহিয়া রহমানকে বিবাদী করা হয়েছে।
মামলার অপর বিবাদীরা হলেন খালেদা জিয়ার ভাই সাইদ এস্কান্দারের (মৃত) স্ত্রী নাসরিন আহমেদ, দুই ছেলে শামস এস্কান্দার ও শাফিন এস্কান্দার এবং মেয়ে সোমাইয়া এস্কান্দার, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ও তার স্ত্রী শাহিনা ইয়াসমিন এবং কাজী গালিব আহমেদ, শামসুনন্নাহার ও মাসুদ হাসান।
গত বছর ২০১৫ সালের মার্চে খালেদা জিয়া সহ বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করা হয়। পরে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ওই বছরের ১৪ জুলাই আদালতে জবাব দেন।
গত ২ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৪জন বিবাদীর বিরুদ্ধে বিচার শুরু (ইস্যু গঠন) হয়েছে।
এদিকে, রাজধানীর যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় আগামী ৫ এপ্রিল বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩০ মার্চ যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার ঘটনায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে পরোয়ানাভুক্ত আসামিরা গ্রেপ্তার হয়েছেন কি না, তা পুলিশকে আগামী ২৭ এপ্রিল জানাতে বলেছেনআদালত। এ মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
উল্লেখ , ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে গত বছরের ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই অবরোধের মধ্যে ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে ২৯ জন যাত্রী দগ্ধ হন। তাদের মধ্যে নূর আলম (৬০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি মারা যান। ওই ঘটনায় ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দুটি মামলা করে যাত্রাবাড়ী থানার পুলিশ। দুই মামলাতেই খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।