ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছে আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের করা ‘লিভ টু আপিল’ নিষ্পত্তি করে জামিন বাতিলের আদেশ দিয়েছেন।
সেইসঙ্গে কারাগারের যে চিকিৎসকেরা মিনারকে জেলখানা থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেয়ার সুপারিশ করেন তাদেরকেও তলব করা হয়েছে।
আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বোর্ড আদালতে প্রতিবেদন দিয়ে ‘মিনার শারীরিকভাবে সুস্থ’ জানানোর পরিপ্রেক্ষিতে এসেছে চিকিৎসকদের তলবের আদেশ।
সংশ্লিষ্ট কারা চিকিৎসকদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না- তার কারণ দর্শাতে বলা হয়েছে তাদের।
আগামী ১৫ মে আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
উল্লেখ, ২০১৪ সালের ২০ মে ফেনীর বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।
পরে নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মিনারসহ আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। ওই বছর ২৮ আগস্ট ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।