গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এমএ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
বরখাস্তের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেয় আদালত।
এ সময় রুলে মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ হবে না?— তা জানতে চাওয়া হয়। এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, জ্যেষ্ঠ সচিব ও সহকারী সচিবসহ ৬ জন বিবাদীকে চার সপ্তাহের রুলের জবাব দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় মান্নানের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র আদালতগ্রহণ করায় গত বছর ১৯ অগাস্ট স্থানীয় সরকার বিভাগ তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।
এর বৈধতা চ্যালেঞ্জ করে ৩১ মার্চ হাইকোর্টে রিট আবেদন করেন এম এ মান্নান, যা সোমবার শুনানির জন্য ওঠে।
আদালতে মান্নানের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও মো. আবু হানিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।