দুর্নীতি দমন কমিশন-দুদকের করা মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর হাইকোর্টের খালাসের রায় বাতিল করে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার আবেদন সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত।
বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ পর্যবেক্ষণসহ টুকুর রিভিউ আবেদনের নিষ্পত্তি করে দিয়েছে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এর ফলে আগের নির্দেশনা অনুসারে খালাসের রায় বাতিল এবং হাইকোর্টে পুনঃশুনানির আদেশই বহাল রয়েছে।
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর পক্ষে রিভিউ আবেদনের শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
২০০৭ সালের মার্চে চার কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী।
কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা ওই বছর ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন। জরুরি অবস্থার মধ্যেই ২০০৭ সালের ১৫ নভেম্বর বিশেষ জজ আদালত এ মামলার রায়ে টুকুকে নয় বছরের কারাদণ্ড দেয়।
ওই রায়ের বিরুদ্ধে টুকু আপিল আবেদন করেন। পরে হাইকোর্ট ২০১১ সালের ১৫ জুন তাকে বেকসুর খালাস দেয়। ২০১৩ সালের ডিসেম্বরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে দুদক।
ওই আবেদনের নিষ্পত্তি করে আপিল বিভাগ পরের বছর ২৭ জানুয়ারি হাইকোর্টের খালাসের রায় বাতিল করে। সেই সঙ্গে এ মামলায় বিচারিক আদালতের দেয়া দণ্ডাদেশের বিরুদ্ধে টুকুর করা আপিল আবেদন হাইকোর্টকে আবারো শুনানির নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।