মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের শামসুদ্দিন, নাসির উদ্দিনসহ পাঁচ জনের বিরুদ্ধে আগামীকাল- মঙ্গলবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার এ দিন ঠিক করেছে।
গত ১১ এপ্রিল এ পাঁচ জনের বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষে রায় ঘোষণা অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল।
তারা হলেন শামসুদ্দিন আহমেদ (৬০) ও তার ভাই নাসির উদ্দিন আহমেদ (৬২), গাজী আবদুল মান্নান (৮৮), হাফিজউদ্দিন (৬৬) ও আজহারুল ইসলাম (৬০)। তাদের মধ্যে শামসুদ্দিন আহমেদ কারাগারে আটক আছে অন্য চারজন পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, একাত্তরের ২৭ অক্টোবর করিমগঞ্জের আয়লা গ্রামে নাসির উদ্দিন ও শামসুদ্দিনের নেতৃত্বে রাজাকার বাহিনী আবদুল বারেক, মো. হাবিবুল্লাহ, শেখ চান্দু মিয়া, শেখ মালেক, আফতাব উদ্দিন, সিরাজ উদ্দিন, আবদুল জব্বার ও আবদুল মজিদকে গুলি করে হত্যা করে। ১১ নভেম্বর নাসিরের নেতৃত্বে রাজাকারেরা আয়লা গ্রামে লুণ্ঠন ও নির্যাতন চালায়। মিয়া হোসেনকে হত্যা করে। একাত্তরের ৭ সেপ্টেম্বর রামনগর গ্রামে শামসুদ্দিনের নেতৃত্বে রাজাকারেরা তাঁরই সহপাঠী পরেশ চন্দ্র সরকারকে আটক করে নির্যাতন ও হত্যা করে। ২৬ সেপ্টেম্বর কলাতলী গ্রামে নাসির উদ্দিন ও শামসুদ্দিনের নেতৃত্বে রাজাকারেরা আবদুল গফুরকে অপহরণের পর নির্যাতন করে। খুদির জঙ্গল সেতুর কাছে তাঁকে হত্যা করা হয়।