গত তিন বছরে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ৪ শীর্ষ মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির রায় কার্যকর হয়েছে। আজ (বৃহস্পতিবার) রিভিউর রায়ে আরেক শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডও বহাল রইলো। আর আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় পুনর্বিবেচনার আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে।
বদর কমাণ্ডার মীর কাসেম আলীর আপিলে মৃত্যুদণ্ড বহাল থাকার পর পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশ হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ২১টি রায়ের মধ্যে ১৭টির বিরুদ্ধে আপিল করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে আল বদর প্রধান মতিউর রহমান নিজামীর আপিলের মামলার নিস্পত্তির মধ্যে দিয়ে এ পর্যন্ত ৮টি মামলা নিষ্পত্তির পাশাপাশি কার্যকর করা হয়েছে ৪টি মামলার রায়।
এর মধ্যে ২০১৩ সালে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার এবং গত বছর দুই বদর কমাণ্ডার মোহাম্মদ কামারুজ্জামান ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এছাড়াও আপিল শুনানির সময় রাজাকার শিরোমণি গোলাম আযম ও আব্দুল আলীম মারা যাওয়ায় তাদের আপিল অকার্যকর হয়ে যায়। এছাড়া শুনানির অপেক্ষায় রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় পুনর্বিবেচনার আবেদন।
আল বদর কমাণ্ডার মীর কাসেমের আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষার পাশাপাশি শুনানি শুরুর অপেক্ষায় রয়েছে আরো ৮ মানবতাবিরোধী অপরাধীর মামলা।
এরা হলেন: এ টি এম আজহারুল ইসলাম, আব্দুস সুবহান, মোবারক হোসেন, সৈয়দ মোহাম্মদ কায়সার, মাহিদুর রহমান, ফোরকান মল্লিক ও আকরাম হোসেন।
আর ৪ যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক ৫ আসামি আপিল করেননি।
এরা হলেন: বাচ্চু রাজাকার, বদর বাহিনীর নেতা চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খান, খোকন রাজাকার ও রাজাকার সৈয়দ হাসান আলী।