দুর্নীতির মামলা থেকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অব্যাহতি দিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ দুদকের করা লিভ টু আপিলের নিষ্পত্তি করে এ রায় দিয়েছে।
আদালতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজিবুল আলম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
রায়ের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, হাইকোর্টের রায় বাতিল হওয়ায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতির এ অভিযোগের তদন্ত চালাতে কোনো আইনি বাধা নেই।
উল্লেখ, ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগের সরকারেও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ। ওই সময় সরকারি জমি নিয়ে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২২ শে নভেম্বর চট্টগ্রামের ডবলমুরিং থানায় এ মামলা করেন দুদকের উপ পরিচালক জাহাঙ্গীর আলম।
মামলায় ইঞ্জিনিয়ার মোশাররফ ছাড়াও ফটিকছড়িতে আওয়ামী লীগের সাবেক এমপি রফিকুল আনোয়ার ও তার ভাই হোটেল গোল্ডেন ইন লিমিডেটের পরিচালক ফখরুল আনোয়ারকে আসামি করা হয়।
পরে ইঞ্জিনিয়ার মোশাররফ মামলাটি বাতিলের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেন। এরপর ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে ২০১২ সালের ২০ নভেম্বর হাইকোর্টের বেঞ্চ মামলাটি বাতিল করে দেয়।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পরে এর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে দুদক। সেই লিভ টু আপিল নিষ্পত্তি করে রোববার হাইকোর্টের রায় বাতিল করে দিল আপিল বিভাগ।