বিনা পরোয়ানায় গ্রেপ্তার ৫৪ ধারা ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ১৬৭ ধারা সংশোধনে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের রায় ২৪ মে।
মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃতাধীন চার সদস্যের আপিল বেঞ্চ দ্বিতীয় দিনের মতো শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করে।
১৯৯৮ সালে ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শামীম রেজা রুবেলকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২৩ জুলাই মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রুবেল মারা যান। এ ঘটনায় বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) হাইকোর্টে রিট করে। ওই বছরের ২৯ নভেম্বর আদালত সরকারের প্রতি রুল জারি করেন। আর রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০০৩ সালের ৭ এপ্রিল হাইকোর্ট এ ব্যাপারে কয়েক দফা নির্দেশনা ও সুপারিশ দিয়ে রায় দেন।
হাইকোর্টের ওই রায়ে ৫৪ ধারায় গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রচলিত বিধান সংশোধন করতে নির্দেশ দেয়া হয়। এ জন্য বেঁধে দেয়া হয় ছয় মাসের সময়সীমা। আর ধারা সংশোধনের আগে এ ক্ষেত্রে কয়েক দফা নির্দেশনা অনুসরণ করতে সরকারকে বলা হয়। এর বিরুদ্ধে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে চারদলীয় জোট সরকার।
২০০৩ সালের ২ আগস্ট আপিল বিভাগ সরকারের লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে হাইকোর্টের ওই নির্দেশনাগুলো স্থগিত করেনি। লিভ টু আপিল মঞ্জুরের পর সরকার আপিল করে।