বরগুনার আলোচিত শিশু রবিউল আউয়াল হত্যা মামলার একমাত্র আসামি মিরাজ হোসেনকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। অপর একটি ধারায় তাকে ২০ লাখ টাকা জরিমানা আর তা না হলে আরও ৭ বছর কারাভোগ করতে হবে।
মঙ্গলবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ আবু তাহের এ রায় ঘোষণা করেন।
মামলার নথিতে বলা হয়েছে, গত বছরের ৩ আগস্ট রাতে খালে পেতে রাখা জালের মাছ চুরির অভিযোগ তুলে রবিউলকে (১০) পিটিয়ে হত্যা করে তার মরদেহ পাশের খালে ফেলে রাখে মিরাজ। পরদিন বিকেলে লকরার খালে রবিউলের মরদেহ পাওয়া যায়।
ওই আদালতের এপিপি আখতারুজ্জামান বাহাদুর জানিয়েছেন, ওই ঘটনায় ৫ আগস্ট রবিউলের বাবা দুলাল মৃধা বাদী হয়ে তালতলী থানায় মিরাজকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ আগস্ট মিরাজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
২৩ আগস্ট মিরাজকে একমাত্র আসামি করে পুলিশ অভিযোগপত্র দেয় বলে জানান তিনি।
রবিউল আউয়াল স্থানীয় ফরাজী বাড়ি দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ত। তালতলীর ফকিরহাট বাজারে রবিউলের বাবা দুলাল মৃধার খুচরা যন্ত্রাংশের একটি দোকান আছে।