মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হবিগঞ্জের দুই ভাই ও তাদের এক চাচাতো ভাইসহ ৩ রাজাকারের রায় বুধবার (আগামীকাল) ঘোষণা করা হবে।
মঙ্গলবার বিচারপতি এম আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করে।
আসামিরা হলো: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান বড় মিয়া, তার ছোট ভাই বর্তমান চেয়ারম্যান মুজিবুর রহমান আঙ্গুর মিয়া ও তাদের চাচাতো ভাই আবদুর রাজ্জাক।
এই ৩ ‘রাজাকারের’ বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, অপহরণ, ধর্ষণ, অগি্নসংযোগসহ চার ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গত ১১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন আসামির উপস্থিতিতে উভয় পক্ষের সাক্ষ্য নেয়ার পর চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় অপেক্ষমাণ রাখা হয়।
এর আগে প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ দুই সহোদরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওইদিন রাতেই বানিয়াচংয়ের নবীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
১৯ মে মহিবুর-মুজিবুরের চাচাতো ভাই রাজ্জাককে মৌলভীবাজারের আথানগিরি পাহাড় থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছে।