ইসলামকে রাষ্ট্রধর্ম করার বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারীদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে মামলার নেয়ার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে এ মামলার আবেদন করেন মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তি।
আবেদনে জাতীয় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, সেক্টর কমান্ডার সি আর দত্ত, বদরুদ্দিন উমর, বোরহানউদ্দিন খান ও তাদের আইনজীবী সুব্রত চৌধুরীকে আসামী করার কথা বলা হয়।
আর্জিতে বলা হয়, রিট আবেদনকারীরা একটি ধর্মহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তারা বুঝে-শুনে ইসলাম ধর্মের সমুন্নতাকে খর্ব করার অসৎ উদ্দেশ্যে বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার উদ্যোগ গ্রহণ করেন এবং রিট আবেদন করে বাংলাদেশের ১৪কোটি ও বিশ্বের ১০০ কোটি মুসলমানের ধর্মীয় অনুভুতিতে আঘাত করেছেন। এছাড়াও আর্জিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদেরও সমালোচনা করা হয়।