প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিল কেন করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৫ এপ্রিল পাবলিক পরীক্ষা হিসেবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
এদিকে, গতকাল (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সেমিনার কক্ষে ‘অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা এবং বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য তা দ্রুত মন্ত্রী পরিষদে প্রেরণ করা হবে।
তিনি বলেন, জাতীয় শিক্ষানীতির মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়েছে। চলতি বছরে প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কাজ করা হচ্ছে। এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। একটি সূদুর প্রসারী ব্যাপার।
অষ্টম শ্রেণির এ শিক্ষা পদ্ধতি স্বল্প ,মধ্যম ও দীর্ঘ মেয়াদি মাধ্যমে করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।