আদালতের নির্দেশের পরেও ১৫৪টি ট্যানারি কারখানা হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর না করায় এখন থেকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের বেঞ্চ এ নির্দেশ দেয়।
রিট আবেদনের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, যতোদিন পর্যন্ত কারখানা সরাবে না ততোদিন পর্যন্ত পরিবেশের ক্ষতি হিসাবে ট্যানারিকে সরকারি কোষাগারে ৫০ হাজার টাকা করে জমা দিতে হবে।
একইসঙ্গে আগামী ১৭ জুলাই পর্যন্ত কোন কোন ট্যানারি প্রতিষ্ঠান হাজারীবাগ থেকে সাভারে গেছে এবং এ সময়ের মধ্যে কে কত টাকা জরিমানা দিয়েছে, তার হিসাবসহ একটি প্রতিবেদন আদালতে জমা দিতে শিল্প সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ বছর আগেই রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ট্যানারি শিল্প প্রতিষ্ঠান সরানোর নির্দেশ দিয়ে ছিলো হাইকোর্ট। পরে এ বছর আদালত নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানের তালিকা চায়।
এ নির্দেশের ভিত্তিতে ১৫৫টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠানের তালিকা দেয়া হয় আদালতের কাছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান সম্প্রতি সাভারে গেলেও বাকি ১৫৪টি প্রতিষ্ঠান এখনো হাজারীবাগ এলাকায় রয়ে গেছে।