অর্থপাচার মামলায় বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা দুদকের আপিলের শুনানি শেষ হয়েছে। যে কোনো দিন রায় ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
টঙ্গীতে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ের দেয়ার আশ্বাসে প্রায় সাড়ে ২০ কোটি টাকা ঘুষ নিয়ে তা বিদেশে পাচারের অভিযোগে ২০০৯ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তার ব্যবসায়ী বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১১ এর জুলাইতে অভিযোগপত্র গ্রহণের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কাজ শুরু হয়। এর আগে ২০০৮ সালে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তারেক যুক্তরাজ্যে চলে যান।
আর আগে থেকেই কারাগারে আটক রয়েছেন মামুন। ২০১৩ সালে বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দিলেও গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করে।
এ রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ ডিসেম্বর উচ্চ আদালতে আপিল করে দুদক। ২০১৪ সালের ১৯ জানুয়ারি দুদকের আপিল গ্রহণ করে তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট।