মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত যুদ্ধাপরাধী আলবদর নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদনের শুনানি আগামী ২৫ জুলাই দিন ঠিক করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ এ আবেদনটি করে। আবেদনে দ্রুত রিভিউ নিষ্পত্তির আরজি জানানো হয়।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, গত রোববার ৬৮ পৃষ্ঠার রিভিউ আবেদন করেন মীর কাসেম আলী। কাসেমের পক্ষে তার ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ত্রয়োদশতম দিনে এ আবেদন করার ফলে তার মৃত্যু পরোয়ানার কার্যকারিতা স্থগিত রয়েছে।
গত ৬ জুন মীর কাসেমের ফাঁসি বহাল রেখে আপিল বিভাগের দেয়া ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে।
নিয়মানুযায়ী, পুনর্বিবেচনার আবেদন খারিজ হলে শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনটি বাকি থাকবে— সেটিও নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকর করবে।
কাসেমের বিরুদ্ধে অভিযোগ ও বিচার:
মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে হত্যা, লুণ্ঠন, অপহরণ ও নির্যাতনের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর একাত্তরে চট্টগ্রামে আল বদর কমান্ডার মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করে অভিযোগ থেকে খালাস চান তিনি।
গত ৮ মার্চ এ আপিলের সংক্ষিপ্ত রায় ঘোষণা করে আপিল বিভাগ। মুক্তিযুদ্ধের সময় কিশোর মুক্তিযোদ্ধা জসিমউদ্দিন আহমেদসহ ছয়জনকে অপহরণের পর চট্টগ্রাম শহরের আন্দরকিল্লায় ডালিম হোটেলে নির্মমভাবে নির্যাতন করে হত্যার দায়ে তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। মুক্তিযুদ্ধের পর মীর কাসেম প্রথমে ইসলামী ছাত্র শিবির ও পরে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হন।