ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় বিএনপি নেতা কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।
একইসঙ্গে পলাতক কাইয়ুম ও সোহেল ওরফে ভাঙ্গাড়ি সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আদালত। রোববার দুপুরে মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহমেদের আদালত এ আদেশ দিয়েছেন।
এছাড়া বিচারক তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
গত বছরের ২৮ সেপ্টেম্বর গুলশানের ৯০ নম্বর সড়কে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে ইতালীয় নাগরিক সিজার তাভেলাকে। এ ঘটনায় ওই এলাকার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরমধ্যে তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
তার পরিপ্রেক্ষিতে গত ২৮ জুন তদন্ত কর্মকর্তা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।